
সম্প্রতি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শিল্পী সুনেত্রা লাহিড়ীর নিপুণ হস্তশৈলীর এবং তাঁর সৃষ্টি কিছু পোশাকের প্রদর্শনী 'এলিমেন্টাল টু পয়েন্ট জিরো' হল। কিউরেটর কৌন্তেয় সিনহা এবং আর্ট ডিরেক্টর ঐন্দ্রিলা রায় কাপুর।

সুনেত্রা অসম্ভব দক্ষ একজন শিল্পী যিনি সূঁচ- সুতো দিয়ে একের পর এক গল্প রচনা করেন। উনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন একজন স্টোরি টেলার। সুনেত্রার গল্প বলার বিষয়বস্তু শৈশবের নানা স্মৃতি, ঠাকুমার কাছে শোনা বিভিন্ন কাহিনীর রেশ। তাঁর কথায়, সৃষ্টির অনুপ্রেরণা প্রকৃতি ও তার সৃষ্টিকর্তা।
সুনেত্রার কাজগুলিতে স্পষ্ট ভারতীয় ঐতিহ্যবাহী টেক্সটাইল এর ব্যবহার। মূলত তাঁতে বোনা তসরের ওপর কারুকাজ। সেখানে তিনি প্রাণবন্ত রঙের মূলত জারদৌসি, আড়ি এবং কাঁথা সেলাইয়ের পদ্ধতি ব্যবহার করে অবিশ্বাস্য সব শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। স্বচক্ষে দেখেও সূঁচের কাজ বলে বিশ্বাস হয়না, রঙ তুলি দিয়ে আঁকা ছবি বলে ভুল হয়।
তাঁর টিমে তাঁকে নিয়ে মাত্র তিনজন। তিনি ও তাঁর সহকর্মী গোবিন্দ বার দেশে প্রথম ন্যাশনাল ইনোভেশন আওয়ার্ড পেয়েছেন 'ট্রি অফ লাইফ' কাজটির জন্য, যেটি প্রদর্শনী হলে ঢোকার সময়ই দেখা গেল। ওঁদের সৃষ্টি মহেঞ্জোদারো শিল্পকর্মটিও চোখ টানে।