তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
বেনাপোলে দীনেশ ত্রিবেদী: ‘ভারত ও বাংলাদেশের মানুষকে আলাদা করে দেখি না’

বাংলাদেশে দায়িত্ব নিতে এসে দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ভারত ও বাংলাদেশের মানুষকে আমি আলাদা করে দেখি না। একই আকাশ, একই বাতাস, আমাদের সম্পর্কও তেমনই।’’

শুক্রবার দুপুরে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন কুমার তুলসীদাস বাধে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই দেশের মধ্যে পর্যটন ভিসা পুনরায় চালুর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘ভারতের ১৪০ কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের ২০ কোটি মানুষ যুক্ত হলে আমরা ১৬০ কোটির এক বিশাল শক্তি হয়ে উঠতে পারি। আমি কখনও দুই দেশের মানুষকে আলাদা করে ভাবি না।’’

ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নিচ্ছেন প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ত্রিবেদীর কূটনৈতিক দায়িত্ব গ্রহণকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সীমান্ত, ভিসা ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে নতুন হাই কমিশনার বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ দুটি শক্তিশালী গণতন্ত্র। পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ যত বাড়বে, দুই দেশের সম্পর্ক ততই শক্তিশালী হবে।’’ ভারতকে ‘বড় শক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘শক্তি একা কারও নয়। ভারত ও বাংলাদেশ একসঙ্গে যে শক্তি তৈরি করতে পারে, সেটাই প্রকৃত শক্তি।’’

বাংলা ভাষায় সাবলীল দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতির পরিচিত মুখ। কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর তিনি বর্তমানে বিজেপির নেতা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয় এবং দুই দেশের মানুষের প্রতি তাঁর আন্তরিকতার বার্তা-সব মিলিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ে দীনেশ ত্রিবেদীর ভূমিকার দিকে নজর থাকবে দুই দেশেই।


Scroll to Top