তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
চারমাসও কাটল না, নীতীশ বিসর্জনের বাজনা বাজিয়ে দিল বিজেপি



বছর তো দূরের কথা, তার অর্ধেকও কাটল না। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে বিহারের মসনদে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চলেছে বিজেপি। সেই চেয়ারে বসবেন মোদি-শাহ ঘনিষ্ঠ কেউ বলে অনুমান। এই ছক বহুদিনের। সেজন্য ২০২৫ -এর বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছিল বিজেপি। ভোটের দিন ঘোষণার পর, এমনকী পুরোদমে প্রচার শুরুর পরও এনডিএ জোটের প্রস্তাবিত মুখ্যমন্ত্রীর নাম সামনে আনা হচ্ছিল না। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, এবারই বসিয়ে দেওয়া হবে নীতীশ কুমারকে। বিহার পাবে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নামও উঠেছিল এই প্রসঙ্গে। পাটনায় মোদির রোড শোয়ের দিন নীতীশ কুমারের অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। কেউ কেউ বলছিলেন, শারীরিক ও মানসিকভাবে নীতীশ আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার উপযুক্ত নন। তাই বিজেপি মোদি-শাহ ঘনিষ্ঠ কারোকে বসাবে। তবে মাঝপথে সুর বদলিয়ে নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরল এনডিএ। কারণ সম্ভবত বিহারের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশের ভোট ব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয়।
ভোটের ফল বেরনোর পর যখন দেখা গেল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখনই অনেকটা স্পষ্ট হয়ে গেছিল কী ঘটতে চলেছে বিহারে। দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়লেও সেই চেয়ার যে বেশিদিন ধরে রাখতে পারবেন না নীতীশ, সেটা বোঝা গেছিল। কিন্তু রাতারাতি পোশাক বদলের মত রাজনৈতিক পরিচয় বদলের দুর্নাম থাকা সত্বেও জনপ্রিয়তা না হারানো নীতিশ কুমারকে অসম্মান করার বোকামিটা করতে চান না মোদি বা শাহ। এখনও প্রায় পাঁচ বছর পড়ে আছে সামনে। তাই নীতীশকে রাজ্যসভায় সম্মানজনক পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাঁর পুত্র নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী পদে বসানোর ঘুঁটি সাজালো বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী পদে শোনা যাচ্ছে শাহ-ঘনিষ্ঠ নিত্যানন্দ রাইর নাম।
ইদানিংকালে পাটনায় পা রাখলেই যেকোনও সাংবাদিক বুঝে যান ক্ষমতার এপিসেন্টার কোনটা। একদা যেমন ছিল ১০ নম্বর সার্কুলার রোডের রাবড়ি নিবাস, এখন তেমন ৮ নম্বর বীরচাঁদ প্যাটেল পথে বিজেপি পার্টি অফিস। অথচ একটু দূরেই নীতীশের জেডিইউর দপ্তরের সে চাকচিক্য নেই। আসলে সবটাই নিয়ন্ত্রিত হয় দিল্লি থেকে মোদি-শাহের অঙ্গুলি হেলনে। তাঁদের হাতের পুতুল হওয়ার সিদ্ধান্ত সম্ভবত সচেতনভাবেই নিয়েছেন সদ্য ৭৫ পেরনো নীতীশ কুমার। ক্ষমতার মোহ এমনই যে বানপ্রস্থের সমনাম মৃত্যু।


Scroll to Top