তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
বাংলাদেশে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়, বিশ্ব নেতাদের অভিনন্দন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৬টি আসনের মধ্যে বিএনপি জোট ২১৩টি আসনে জয় পেয়েছে । ফলে বিএনপি জোট এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে । নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকলেও বাকি ২৯৯ আসনে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। আদালতের নির্দেশে ৩টি আসনের ফলাফল স্থগিত রয়েছে ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলটি মোট প্রাপ্ত ভোটের প্রায় ৬৮ শতাংশ অর্জন করেছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। অন্যদিকে বাংলাদেশ জামাত ই ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিলিয়ে ৭৬টি আসন পেয়েছে, যার মধ্যে এনসিপির ঝুলিতে গেছে ৬টি আসন। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছে জামাত। দলটির অভিযোগ, একাধিক আসনে অল্প ব্যবধানে পরাজয়, ফল ঘোষণায় অসামঞ্জস্য এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন এসব অভিযোগ নাকচ করে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে দাবি করেছে।

এবারের নির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো ‘জুলাই ন্যাশনাল চার্টার’ শীর্ষক রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৭২ শতাংশ ভোটার এই সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে প্রায় ১৮ মাস ধরে সংস্কার কার্যক্রম পরিচালনার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফল প্রকাশের পর আন্তর্জাতিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা ব্যক্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসও নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে। ঢাকাস্থ আমেরিকার রাষ্ট্রদূত বেন্ট ক্রিষ্টেনসেন জয়ের জন্য বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের নির্বাচনে নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্বও আলোচনায় এসেছে। মোট ৮৫ জন নারী প্রার্থীর মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে চারজন প্রার্থী জয়লাভ করেছেন, যা প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

দুই দশকের বেশি সময় পর আবারও সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। বিশ্লেষকদের মতে, এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। প্রতিবেশী ভারতসহ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 


Scroll to Top