
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিংস ইন কনসার্ট অনুষ্ঠানে ‘মা তুঝে সালাম’ নিয়ে কলকাতা কাঁপিয়ে গেলেন ভারতের সংগীত জগতের দুই আইকন শঙ্কর মহাদেবন এবং হরিহরন। সম্প্রতি এক সন্ধ্যায় কলকাতার বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে হাজির ছিলেন এই দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পী। তাঁদের আগমনের মুহূর্ত থেকেই দর্শকসারিতে অপার উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। কনসার্টের শুরুতে মহাদেবন পরিবেশন করেন তাঁর বিখ্যাত গান ‘ব্রেথলেস’, যা শুনে গোটা অডিটোরিয়াম হাততালিতে মুখরিত হয়ে ওঠে। এরপর একে একে দুই তারকাই পরিবেশন করেন বলিউডের কিছু জনপ্রিয় গান, বাংলা গানের সুরেলা পরিবেশনা এবং তাৎক্ষণিক সৃষ্ট কয়েকটি মনকাড়া সুর।
শংকর মহাদেবন এবং হরিহরনের প্রাণবন্ত মঞ্চ-উপস্থাপনা, দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথন, মজার গল্প এবং সংগীতের তালে তালে নাচ-গান—সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে এক উৎসবমুখর। ব্যান্ডের প্রতিটি শিল্পীর বাজনায় ছিল অসাধারণ সমন্বয় ও দক্ষতা। মঞ্চসজ্জা, আলো ও সাউন্ডের মান ছিল আন্তর্জাতিক মানের, যা কনসার্টের আবেদনকে আরও বাড়িয়ে তোলে। দুই ঘণ্টার এই সঙ্গীত-যাত্রা শেষে মনে হল, সময় যদি আর কিছুক্ষণ থেমে যেত ! সঙ্গীতপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা বহুদিন ধরে মনে গেঁথে থাকবে।