

‘ওরা সবাই স্পেশাল, ওদের দক্ষতার জন্য’, আসল কথাটা বলে দিলেন রূপসা দাশগুপ্ত। ৮০ জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়ের শিল্পকর্মের প্রদর্শনী আয়োজন করেছিল শিল্পাঙ্গন, গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার-এর হলে। ছিল অন্য ছাত্রছাত্রীদের আঁকা ছবিও। সমীর ও সোমা কুণ্ডুর স্বপ্নের শিল্পকলা শিক্ষা প্রতিষ্ঠান শিল্পাঙ্গন বহু বছর ধরে শিশু- কিশোরদের ছবি আঁকা ও হাতের কাজে প্রশিক্ষণ দিচ্ছে। তথাকথিত স্বাভাবিক ও বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা পাশাপাশি বসে আঁকছে। সেইসব ছবি ও শিল্পকর্ম মানুষকে দেখানোর জন্যই এই প্রদর্শনী। উদ্বোধন করলেন স্বামী বোধাশ্বরানন্দ মহারাজ ও স্বামী সুপর্ণানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, অলকানন্দা রায় প্রমুখ। বিজ্ঞাপন বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন, এইসব ছবি দিয়ে নামী পুজো প্যান্ডেল সাজানোর আইডিয়া তিনি দেবেন উদ্যোক্তাদের। সোমা বললেন, 'যদি ছবি বিক্রির ব্যবস্থা করা যায়, তাহলে সেই টাকা এদের চিকিৎসার কাজে লাগতে পারে।' বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে এসেছিলেন বাবা- মায়েরা। দৃশ্যতই তাঁরা খুব খুশি। ছবি দেখে মুগ্ধ দর্শক। এই শিশুরা প্রমাণ করেছে, সৃষ্টিশীল কাজে ব্যাকরণ বড়ো কথা নয়, আসল হল কল্পনার আকাশে ইচ্ছেমতো ডানা মেলা।