
দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নির্মাণ পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগী হল ব্রিটেনের এস রাম অ্যান্ড এম রাম গ্রুপ এবং প্যারাডিম পিকচারস। এদের যৌথ ব্যবস্থাপনায় তামিলনাড়ুতে গড়ে উঠতে চলেছে ৩,০০০ কোটি টাকা বিনিয়োগে ১০০ একর জুড়ে একটি ভার্চুয়াল প্রোডাকশন ক্যাম্পাস। সম্প্রতি লন্ডনে এস রাম অ্যান্ড এম রাম-এর ৩০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিনির্ভর এই ফিল্ম সিটি ডিজিটাল ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। এর ফলে সিনেমা তৈরির সময় কমবে ২৫% আর খরচ কমবে ৩০%। এছাড়া তামিলনাড়ুর এই কেন্দ্রটিতে হাসপাতাল, শহর, গ্রাম, রাস্তা, কলেজ এবং স্কুলের প্রচলিত সেটও থাকবে। প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে এগুলিকে মেলানো সম্ভব হবে।
গোটা প্রকল্প চালিত হবে সৌরবিদ্যুতে এবং পরিবেশবান্ধব মডুলার নির্মাণ প্রযুক্তিতে। এর ফলে সিনেমা তৈরির ক্ষেত্রে ৮০% পর্যন্ত দূষণ সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। থাকবে BAFTA এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি নির্মাতাদের পরিচালনায় একটি অত্যাধুনিক প্রশিক্ষণ একাডেমি , যেখানে ভিজ্যুয়াল এফেক্টস, রিয়েল-টাইম সিনেমাটোগ্রাফি এবং প্রোডাকশন ইনোভেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে সহায়তা দিতে এগিয়ে এসেছে তামিলনাড়ুর সপ্তগিরি গোষ্ঠী। শিক্ষা,খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য ক্ষেত্রে দীর্ঘদিনের সাফল্য রয়েছে এদের। কলকাতার নামী প্রকাশনা ও অডিও ভিশ্যুয়াল সংস্থা লুক ইস্ট মিডিয়া এই প্রকল্প রূপায়ণে সাহায্য করছে। প্রযুক্তি আর কল্পনার সংমিশ্রণে সিনেমা জগতের ভবিষ্যৎ অন্যভাবে লেখা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছে তারা।
ফিল্ম সিটি প্রকল্পে অন্তত দশ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া কারিগরি ও পর্যটনের মাধ্যমে বছরে ১২০০কোটি টাকা আয় হবে। জানা গেছে, ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।