তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
সম্পাদকীয় — আগস্ট, ২০২৫

আ মরি বাংলা ভাষা!' তাও ছাড় পেল না রাজনীতির কালো থাবা থেকে। কেন্দ্র-রাজ্য বিবাদের কলতলায় তাকেও টেনে নামালেন নেতা নেত্রীরা। আগুনে ঘি পড়ল দিল্লি পুলিশের হঠকারী চিঠিতে, এটা নাকি 'বাংলাদেশী' ভাষা। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে পুলিশকে সমর্থন করে আরো এক আঁজলা ঘি ছেটালেন - বাংলা বলে আসলে কোনো ভাষাই নেই যাকে বলা যায় এর সব রকমফেরের সমন্বয়।

ভোটার তালিকা নিবিড় সংশোধনের নামে ভিনরাজ্যে খেটে খাওয়া বাঙালিদের অনুপ্রবেশকারী তকমা সেঁটে দেশ থেকে বার করে দেওয়ার হুমকিতে এমনিতেই গরম হয়ে ছিল আবহাওয়া। তার ওপর ভাষার অবমাননায় স্বাভাবিকভাবেই চরম অপমানিত হয়েছেন দেশ ও বিদেশের কোটি কোটি বাংলাভাষী মানুষ। তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে ফেসবুকের দেওয়াল থেকে রাজপথের মিছিলে। বিরোধীরা জনগণের মাতৃভাষা আবেগকে কাজে লাগাতে এতটুকু দেরি করেননি।

বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে গলা চড়িয়েছে তৃণমূল। নতুন এক ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আসাম, ত্রিপুরা,মেঘালয়ের মতো যেসব রাজ্যে প্রচুর বাংলাভাষী আছেন, সেখানেও ক্ষোভ দানা বেঁধেছে। যে দেশের জাতীয় সঙ্গীত এক বিশ্ববরেণ্য বাঙালি কবির রচনা, সেদেশে বাংলা ভাষার গায়ে এমন রাজনীতির কালিমা লেপন কি কুশিক্ষার পরিচয় নয় ?





Scroll to Top