
প্রথমেই বলে রাখি, আমি অরুন্ধতী রায়ের ভক্ত পাঠক নই। কিংবা বলা ভালো, 'মাদার মেরি কামস টু মি' পড়ার আগে পর্যন্ত ছিলাম না। যিনি আগে সমাজকর্মী, পরে লেখক, তাঁর প্রতি অনুরাগ তখনই সম্ভব যখন তাঁর রাজনৈতিক-সমাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করে। সে আলোচনার পরিসর অন্য। তাছাড়া পেশাদার লেখকদের তুলনায় অরুন্ধতীর প্রকাশিত বইয়ের সংখ্যা অনেক কম। কম করে চার-পাঁচ বছরের ব্যবধানে হাতে পাওয়া যায় তাঁর নতুন উপন্যাস। কিন্তু স্বীকার করতেই হবে, তাঁর সাম্প্রতিকতম আত্মজীবনীমূলক বই যে অনাবিল,অকপট, অপ্রতিরোধ্য অরুন্ধতীকে পাঠকের সামনে মেলে ধরেছে, তার জন্য কোনো স্যালুটই যথেষ্ট নয়। লেখকের শৈশবের কেরল, যৌবনের দিল্লি, প্রৌঢ়ত্বের নর্মদা আর আসলে গোটা পৃথিবীকেই ঘর বানিয়ে ফেলা, সেই প্রেক্ষাপটে আত্মীয়-বন্ধু-চেনা-অচেনা চরিত্রদের আনাগোনা। এই নক্সিকাঁথার বুননে একটাই রং, একজনই কনস্ট্যান্ট --- মেরি রায়। অরুন্ধতী রায়ের জন্মদাত্রী মা বটে তিনি, তবে তার থেকে অনেক বড়ো পরিচয় তিনি দোর্দণ্ডপ্রতাপ শিক্ষক, একা হাতে বিশাল স্কুল গড়ে তোলার জন্য সর্বজনশ্রদ্ধেয়। যাঁর সম্পর্কে বইয়ের ব্যাক কভারে অরুন্ধতীর মন্তব্য, 'In these pages, my mother, my gangster, shall live. She was my shelter and my storm.' মায়ের প্রয়াণের তিনবছর পর অরুন্ধতী সেই মানুষটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কুমোরের চাক ঘোরানোর মতো করে ঘুরিয়েছেন এযাবৎ যাপন করে আসা জীবনকে, তাঁর নিজের বয়ানে যাকে ভালোবাসেন না বলে ছেড়ে আসেননি, বরং ভালোবাসবেন বলেই দূরে চলে গেছিলেন কৈশোর পেরোতে না পেরোতে। 'As a child I loved her irrationally, helplessly, fearfully, completely, as children do. As an adult I tried to love her coolly, rationally, and from a safe distance. I often failed. Sometimes miserably.'
জীবনের পথটাকে রোলার কোস্টার বলে আকছার উল্লেখ করে লোক সমাজ মাধ্যমে। তারা হয়তো জানে না অরুন্ধতী রায়ের জীবন কাহিনি। জানলে লজ্জা পেত। সিঙ্গল মাদারের কড়া শাসনে ছেলেবেলার ট্রমা, ভাইয়ের সঙ্গে বেঁধে বেঁধে থাকা, পারিবারিক মামলা মোকদ্দমার নোংরামি, বহুদিন পর হঠাৎ উদয় হওয়া সুরাসক্ত বাবার নানা উদ্ভট কাণ্ডকারখানা তো আছেই, সেই সঙ্গে প্রেম, বিচ্ছেদ, প্রকৃতি, পরিবেশ, নেশা, যৌনতা, প্রদীপের মতো মানুষের সঙ্গে দীর্ঘদিনের অথচ অন্য মেজাজের সংসার, স্থাপত্যবিদ্যার ছাত্রী থেকে চিত্রনাট্যকার, অতি বাম রাজনীতি, একজীবনে এর থেকে আর কী বিচিত্র অভিজ্ঞতা হতে পারে?
প্রথম বই 'দ্য গড অফ স্মল থিংস' যখন প্রকাশিত হয়েছিল, মেরি রায় দ্রুত পড়ে ফেলেছিলেন। আম্মুর চরিত্র পছন্দই হয়েছিল তাঁর। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাঁর কন্যা। তখনো তত বিখ্যাত নন অরুন্ধতী। বুকার পুরস্কার পেয়ে অবাকই হয়েছিলেন। 'মাদার মেরি কামস টু মি' যখন বেরোল, তখন পৃথিবীজোড়া নামডাক তাঁর, লেখক এবং সমাজকর্মী হিসেবে। জানার উপায় নেই, আজ বেঁচে থাকলে মাদার মেরি এমন খুল্লাম খুল্লা লেখার জন্য ক্ষমা করতেন মেয়েকে নাকি সেই অতীত দিনের মতো দাঁতে দাঁত চেপে বলতেন, 'বিচ। গেট আউট।'
মাদার মেরি কামস টু মি
অরুন্ধতী রায়
পেঙ্গুইন র্যানডম হাউস ইন্ডিয়া ৮৯৯ টাকা