
'রং দে তু মুঝে গেরুয়া'- এবার মুখোমুখি মঞ্চে লাইভ পারফরম্যান্স। লন্ডনে 'বিয়ন্ড বর্ডারস বিজনেস অ্যান্ড কালচারাল কনক্লেভ' নিয়ে আসছে বলিউডের সুপারহিট প্লেব্যাক গায়িকা অন্তরা মিত্রকে। ১৩ সেপ্টেম্বর, কনক্লেভের প্রথম দিন মেফেয়ার ভেন্যুতে জমজমাট সুরেলা সন্ধ্যা। ১৩ আর ১৪ সেপ্টেম্বর দুদিনই সন্ধে জুড়ে নাচ, গান, নাটক, ফ্যাশন শো - হরেক আয়োজন। বাংলা মঞ্চের জনপ্রিয় অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও লন্ডন প্রবাসী অভিনেত্রী স্মৃতি আজাদ পরিবেশন করবেন নাটক ' শেষ বিকেলের রোদ'।
দিনভর চলবে ভারত ও ইংল্যান্ডের বিশিষ্টজন সমন্বয়ে বিজনেস, এডুকেশন ও হেলথকেয়ার কনক্লেভ। দু'দেশের উদ্যোগপতি আর নামী সংস্থার শিল্প পরিচালকেরা বক্তব্য রাখবেন। সুযোগ থাকবে একান্ত বৈঠকের। উন্মোচিত হবে যৌথ উদ্যোগের নানা দিগন্ত।
একদিকে বলিউডের গ্ল্যামার আর অন্যদিকে বাংলা,তামিল, অসমিয়া, পাঞ্জাবি - মিলেমিশে নাচে,গানে,কথায় আঁকা হবে বৈচিত্র্যময় ভারতের বর্ণিল ক্যানভাস। আর যা না হলে যেকোনো মিলনমেলা অসম্পূর্ণ, সেই ভুরিভোজের ব্যবস্থাও থাকছে। উদ্যোক্তা সংস্থা লুক ইস্ট মিডিয়ার কর্ণধার আশিস পন্ডিত সম্প্রতি লন্ডনে গেছিলেন প্রস্তুতির কাজে। লন্ডনের সহযোগীদের নিয়ে তিনি মেফেয়ার ভেন্যু পরিদর্শন করেন।
অনাবাসী ভারতীয়দের জন্য এই অন্যরকম কার্নিভাল নিবেদন করছে লন্ডনের স্র্যাম অ্যান্ড ম্র্যাম গ্রুপ, সহযোগিতায় লন্ডন ডি অ্যাকাডেমি ও ভারতের ফাইভ স্টার গ্রুপ। এছাড়াও ভারত ও ব্রিটেনের বেশ কিছু নামী ব্যবসায়ী গোষ্ঠী যোগ দিচ্ছে 'বিয়ন্ড বর্ডারস'-এ।