
শরতের লন্ডন এক অন্যরকম উৎসবের প্রতীক্ষায়। গ্রীষ্ম শেষ হলেও সেপ্টেম্বরে বিলেতে আবহাওয়া চমৎকার। হাল্কা শীতের আমেজে প্রাণ খুলে আনন্দে মাতবেন প্রবাসী ভারতীয়রা। সেপ্টেম্বরের ১৩ আর ১৪ তারিখ, শনি ও রবিবার পূর্ব লন্ডনের রমফোর্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিয়ন্ড বর্ডারস বিজনেস অ্যান্ড কালচারাল কনক্লেভ। 'নিছক জলসা নয়, বিদেশের মাটিতে ভারতীয় ঐতিহ্যের পাশাপাশি বর্তমান সমৃদ্ধির ছবিও তুলে ধরা আমাদের উদ্দেশ্য', জানালেন আয়োজক সংস্থা লুক ইস্ট মিডিয়ার কর্ণধার আশিস পন্ডিত। বলা যায় ভারতীয় কৃষ্টি, দেশজ সংস্কৃতির বর্ণময় প্রেক্ষাপটে নতুন করে শিকড়ের সন্ধান। দুদিন দিনভর থাকবে বিজনেস, মেডিক্যাল ও এডুকেশন সেমিনার। অংশ নেবেন ভারত ও ইংল্যান্ডের বিশিষ্ট শিল্পোদ্যোগী, চিকিৎসক ও শিক্ষাবিদেরা। উন্মোচিত হবে যৌথ উদ্যোগের নতুন নতুন দিগন্ত। প্রবাসী জনপ্রিয় লেখকেরা থাকবেন সাহিত্য আলোচনার আসরে। সন্ধেয় মুম্বই, কলকাতা, সঙ্গে লন্ডনের বাংলাদেশী শিল্পী সমন্বয়ে বিনোদনের রুচিশীল আয়োজন।
শিক্ষা থেকে বাণিজ্য, শিল্প থেকে স্বাস্থ্য, সাহিত্য থেকে সঙ্গীত, ফ্যাশন থেকে ভোজন, বিশাল উদযাপন। কলকাতা, মুম্বই, ঢাকা, লন্ডন বাঁধা পড়ছে এক সুতোয়।
অনাবাসী ভারতীয়দের জন্য এই অন্যরকম কার্নিভাল নিবেদন করছে স্র্যাম অ্যান্ড ম্র্যাম গ্রুপ, সহযোগিতায় লন্ডন ডি অ্যাকাডেমি ও ফাইভ স্টার গ্রুপ।
সম্প্রতি লন্ডনে মেফেয়ার ভ্যেনু পরিদর্শন করেন আশিস পন্ডিত ও কনক্লেভ কমিটির স্থানীয় প্রতিনিধিরা। পরে তাঁরা এক প্রস্তুতি বৈঠকে মিলিত হন। এ কে এম মাসুদ, সঞ্চালক কিশোয়ার সুলতানা (মুনিয়া), শ্রদ্ধা ট্যান্ডন, মোহনা, নিজাম, মধু, অরবিন্দ, জয়দীপ রায়, তমালিকা বসু, এই প্রবাসী বাঙালিরা বিয়ন্ড বর্ডারস -এর স্তম্ভ।নিজেদের পেশাগত ব্যস্ততার মাঝেও সময় বার করে এঁরা এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রস্তুতির কাজ। এদিকে ভারতের নানা শহরে অক্লান্ত পরিশ্রম করছেন কনক্লেভ প্রতিনিধিরা। দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, আগরতলা, গুয়াহাটিতে বিপণনের কাজ চলছে পুরোদমে।
লন্ডন অপেক্ষায় আছে,পুজোর আগেই ঢাকে কাঠি পড়ার। এবার বিয়ন্ড বর্ডারস-এর মঞ্চ থেকেই শুরু হবে শারদোৎসব।