
কোঝিকোড়, ব্রিটিশদের দেওয়া নাম ছিল কালিকট। কেরলের সমুদ্র উপকূলে সুন্দর, ছিমছাম শহর। আপাতত কোঝিকোড় উত্তপ্ত ভোট প্রচারে। এই শহরের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলা যায় সৈকত। প্রতিদিন বিকেল পড়তেই সেখানে হাজার হাজার মানুষের ভিড়। সেটাকে কাজে লাগাতে আগ্রহী সব রাজনৈতিক দল। তাই সৈকতে প্রচারের রমরমা। শাসক এলডিএফ কি প্রধান বিরোধী জোট ইউডিএফ, বক্তৃতার থেকে গানে জোর দিচ্ছে ভোটারদের টানতে। বিজেপি, মুসলিম লিগ আর আম আদমি পার্টিও পিছিয়ে নেই। দেখে ভাল লাগল, হিন্দু- মুসলমান ভাই ভাই সম্প্রীতির ঐতিহ্য আজও ধরে রেখেছে কোঝিকোড়। এখানকার প্যারাগন রেস্তোরাঁ জগদ্বিখ্যাত। সেখানে নৈশভোজ না করলে মনে হত, কিছু একটা বাকি রয়ে গেল।