তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
SIR নিয়ে বাংলায় এত উত্তেজনা কেন?

পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যার সঠিক সরকারি হিসেব মিলবে না কারণ শেষ আদমশুমারি হয়েছিল ২০১১ সালে। ২০২৬ -এর আনুমানিক হিসেবে এই রাজ্যের জনসংখ্যা কমবেশি ১০কোটি।
প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক অতীত ও বর্তমান সময় মিলিয়ে ১২টি রাজ্যে SIR প্রক্রিয়া চলেছে। বাকি রাজ্যে হবে অদূর ভবিষ্যতে। বিহারে প্রথমদিকে রাজনৈতিক শোরগোল হলেও ভোট যত এগিয়ে এসেছে, তত স্তিমিত হয়ে গেছে। তবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে এত হট্টগোল কেন? কী বলছেন বিশ্লেষকরা?
প্রথম কারণটা সেই একমেবদ্বিতীয়ম কেন্দ্র - রাজ্য বিরোধ। নির্বাচন কমিশন কেন্দ্রের শাসকদল বিজেপি প্রভাবিত, তাই রাজ্যের বিরুদ্ধে চক্রান্তে সামিল। তৃণমূলের অভিযোগ, ভুয়ো ভোটার বাছার নাম করে কমিশন তুচ্ছাতিতুচ্ছ কারণ দেখিয়ে সাধারণ মানুষকে হয়রান করছে, তাদের নাম বাদ দিচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার কারণে অনুপ্রবেশ ইস্যু ফের সামনে এসেছে। অভিযোগ উঠেছে, যাকে তাকে বাংলাদেশী তকমা দিয়ে নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে যেখানে ২০২৪ সালের আগস্টের পর বড় সংখ্যায় বাংলাদেশী হিন্দু ভারতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন বলে খবর। তৃতীয়ত, মুসলিমদের একটা বড় অংশকে চক্রান্ত করে ভোটার তালিকার বাইরে রাখতে চায় হিন্দুত্ববাদী বিজেপি, এই অভিযোগ তুলেছে তৃণমূল। চতুর্থত, এর আগে অসমে NRC-CAA চলাকালীন পশ্চিমবঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এই ইস্যুতে আন্দোলনও হয়েছিল। ফলে বিক্ষোভের ক্ষেত্রটা প্রস্তুতই ছিল। পঞ্চম আর খুব গুরুত্বপূর্ণ কারণ একশ্রেণীর সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা। তিলকে তাল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে যাদের জুড়ি মেলা ভার। জনগণকে ভালোমন্দ বিচারের সুযোগ না দিয়ে উত্তেজনা সৃষ্টির ফলে এরাজ্যের মানুষ SIR নিয়ে অনেক সময় অপ্রয়োজনেও মাথা ঘামাচ্ছেন গত কয়েক মাস ধরে।
তৃণমূল স্পষ্ট করে বলেছে, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও তারা এরাজ্যে বিধানসভা নির্বাচন করতে দেবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও সেই আশ্বাস দিয়েছেন।এদিকে ভোটের দিন ঘোষণার সময় এগিয়ে এসেছে, অথচ চূড়ান্ত ভোটার তালিকা বেরনোর পর যে ৬০ লক্ষের বেশি নাম অমীমাংসিত ছিল, তার ছোট অংশের মাত্র হিল্লে হয়েছে। বাকি কাজ কত তাড়াতাড়ি করা সম্ভব, সেবিষয়ে কেউ এখনও পর্যন্ত দিশা দেখাতে পারেননি।


Scroll to Top