আরো একটা বছর বয়স বাড়লো পৃথিবীর। সেই সঙ্গে তাল রেখে বাড়লো সন্ত্রাস, বাড়লো দূষণ, বাড়লো অসূয়া। জীবনানন্দের ভাষায় বলতে গেলে 'পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন'। ভারতে দলমত নির্বিশেষে রাজনৈতিক অবক্ষয় ব্যথিত ও বিস্মিত করে যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে। জঙ্গি হামলা থেকে নাবালিকা নির্যাতন, যুদ্ধ থেকে দাঙ্গা, পরিবেশ নষ্ট থেকে দুর্নীতি - সংবাদপত্র, টিভি চ্যানেল খুললেই মন খারাপ করা খবরের বন্যা। এর মধ্যেই নিজস্ব নিয়মে বয়ে চলেছে জীবন।
আমরা সবাই হয়তো অভ্যস্ত হয়ে পড়েছি এই নৈরাজ্যে, শিখে গেছি কীভাবে পাশ কাটিয়ে চলতে হয়। নিজের গায়ে আঁচ না লাগা পর্যন্ত কীভাবে 'ভাল' থাকতে হয়।
এর মাঝে হঠাৎ আলোর ঝলকানির মত আসে কোনো ভাল খবর। মহাকাশ পাড়ি দেন শুভাংশু শুক্লা, বলিউডে তৈরি হয় 'হোমবাউন্ড' -এর মত ছবি, বিশ্বকাপ জেতে ভারতীয় মহিলা টিম। কিন্তু দাঁড়িপাল্লার অন্য দিকটা এতই ভারি যে আনন্দের রেশ দীর্ঘস্থায়ী হয় না। জানি, গাজার অভুক্ত শিশুর মলিন মুখ, পহলগামের গুলিবিদ্ধ যুবকের দেহ, আফগানিস্তানের কারাবন্দী তরুণীর কান্না আমাদের দুঃস্বপ্নে ফিরে ফিরে আসবে আগামীদিনেও। তবু আশায় বাঁচে মানুষ। নতুন বছরে নতুন সূর্য যদি দেখা দেয় দিগন্তে!