লন্ডনে বিয়ন্ড বর্ডারস বিজনেস অ্যান্ড কালচারাল কনক্লেভ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আগামী বছরের প্রস্তুতি। ২০২৬ সালের আগস্ট মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হবে এই সম্মেলন। আয়োজক সংস্থা লুক ইস্ট মিডিয়ার কর্ণধার আশিস পন্ডিত এখবর জানালেন। বর্তমানে তিনি কুয়ালালামপুরে এবিষয়ে বৈঠক করেন মূল পৃষ্ঠপোষক সংস্থা এস রাম অ্যান্ড এম রাম-এর চেয়ারম্যান শৈলেশ হীরানন্দানির সঙ্গে। তাঁর সঙ্গে রয়েছেন অন্যতম সহযোগী সংস্থা তামিলনাড়ুর সপ্তগিরি গ্রুপ-এর চেয়ারম্যান এম জি শেখর। এছাড়া সহযোগিতায় রয়েছে ফাইভ স্টার গ্রুপ। জানা গেছে, ভারতীয় সংস্কৃতির এই উদযাপনে থাকবেন কলকাতা, মুম্বই ও দক্ষিণ ভারতের নামী শিল্পীরা। কুয়ালালামপুরের প্রবাসী ভারতীয়রাও অংশ নেবেন এই উৎসবে। লন্ডনের মতই আগামীতেও বিয়ন্ড বর্ডারস ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হবেন নানা ক্ষেত্রে কৃতী ভারতীয়রা। কনক্লেভকে সফল করে তুলতে এখন থেকেই কাজে নেমে পড়েছে টিম বিয়ন্ড বর্ডারস।