তালিকা
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
আধুনিক বাঙালির ফেভারিট লোকেশন
বিয়ন্ড বর্ডারস : নক্ষত্র সমাবেশে জমজমাট একটি দিন

                                   

১৩ সেপ্টেম্বর। লন্ডনের ক্যালেন্ডারে অন্যরকম একটা দিন। পূর্ব লন্ডনের রমফর্ডে মেফেয়ার ভেন্যুতে জমজমাট সকাল থেকে রাত। বিয়ন্ড বর্ডারস বিজনেস অ্যান্ড কালচারাল কনক্লেভ ২০২৫ -এ আলোচনাসভা, নাচ, গান, নাটক, ফ্যাশন শো - হরেক আয়োজন। দিনভর চলবে ভারত ও ইংল্যান্ডের বিশিষ্টজন সমন্বয়ে কনক্লেভ। খুলে যাবে যৌথ উদ্যোগের নয়া দিগন্ত। বিশেষ আলোচনাসভা সরগরম হয়ে উঠবে বাংলা ভাষাকে কেন্দ্র করে। অংশ নেবেন নবকুমার বসু সহ দুই বাংলার প্রবাসী সাহিত্যিক ও বিদ্বজ্জনেরা।

  আন্তর্জাতিক মঞ্চে সংবর্ধিত হবেন কৃতী ভারতীয়রা। বিয়ন্ড বর্ডারস ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড -এ ভূষিত হবেন নানা ক্ষেত্রে সফল মানুষেরা। বাংলা মঞ্চের জনপ্রিয় অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও লন্ডন প্রবাসী অভিনেত্রী স্মৃতি আজাদ পরিবেশন করবেন নাটক 'শেষ বিকেলের রোদ'। লোকগান থেকে হিট বলিউড নাম্বারস, পরিবেশন করবেন ভারত ও বাংলাদেশের নামী শিল্পীরা। নাচের তালে মাতিয়ে দেবে কলকাতার মেধা আর লন্ডনের সঞ্চারী ডান্স ট্রুপ।

   শুধু বাংলা নয়,তামিল, অসমিয়া, পাঞ্জাবি - মিলেমিশে নাচে,গানে,কথায় আঁকা হবে বৈচিত্র্যময় ভারতের বর্ণিল ক্যানভাস। অংশ নেবেন কলকাতা ও ইংল্যান্ডের নামী ও প্রতিভাবান শিল্পীরা। আর যা না হলে যেকোনো মিলনমেলা অসম্পূর্ণ, সেই ভুরিভোজের ব্যবস্থাও থাকছে। উদ্যোক্তা সংস্থা লুক ইস্ট মিডিয়ার কর্ণধার আশিস পন্ডিত জানালেন, 'শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রযুক্তির দৌলতে এখন পৃথিবীটা ছোট হয়ে গেছে। ফোনে, ইমেলে দিনরাত কথা চলছে লন্ডনে উৎসব সমন্বয়কারীদের সঙ্গে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন,‌কখন সেজে উঠবে মঞ্চ। দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে। লন্ডনের বাইরে থেকেও অনেকে আসছেন বিয়ন্ড বর্ডারস -এ যোগ দিতে।'

অনাবাসী ভারতীয়দের জন্য এই অন্যরকম কার্নিভাল নিবেদন করছে লন্ডনের স্র্যাম অ্যান্ড ম্র্যাম গ্রুপ, সহযোগিতায় লন্ডন ডি অ্যাকাডেমি ও ভারতের ফাইভ স্টার গ্রুপ। এছাড়াও ভারত ও ব্রিটেনের বেশ কিছু নামী ব্যবসায়ী গোষ্ঠী যোগ দিচ্ছে 'বিয়ন্ড বর্ডারস'-এ।


Scroll to Top