
সম্প্রতি নিউটাউনের রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে তিতলিয়া-র আয়োজনে হয়ে গেল তাদের ডিজাইন কার্নিভাল, সিজন টু। স্থানীয় প্রতিভাকে লালনপালন করে এবং আঞ্চলিক কারুশিল্পকে প্রাধান্য দিয়ে এঁদের সংস্থার তরফে এই ‘ডিজাইন কার্নিভাল’-এর মূল লক্ষ্যই হল ভারতীয় ডিজাইনারদের ক্ষমতায়ন এবং তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যেই ওঁদের এই আয়োজন বলেই জানিয়েছেন ‘তিতলিয়া’-র কর্মকর্তারা। তাঁরা চান একাধিক ডিজাইনারকে নিয়ে একটি সম্প্রদায় গড়ে তুলতে যাঁদের লক্ষ্যই হল একটি প্ল্যাটফর্ম যেখানে সৃষ্টিশীল উদ্ভাবনই গড়ে দেবে আজকের সময়ের ফ্যাশন সম্পর্কে সচেতনতা । পুরনো ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ করে নতুন সময়ের চাহিদাকে বাস্তবে রূপ দেওয়াই তিতলিয়ার আসল লক্ষ্য। তিতলিয়া ফ্যাশন স্টুডিও ছাড়াও চোখ ঝলসানো এই ফ্যাশন শোতে যোগ দিয়েছিলেন এআই আর্টিস্ট দেবাশিস সেন, ডিজাইনার অর্পিতা সরকার (ব্র্যান্ড বুনট), ডিজাইনার স্নেহা পট্টনায়েক, ডিজাইনার হিয়ামতি সরকার, ডিজাইনার রাজদীপ, প্রিয়া, পূর্বা, সন্ধিপা, এবং ডিজাইনার প্রবল ভৌমিক এবং অন্যান্যরা।