
বইপ্রেমী, চিত্রশিল্পী ও শিল্পানুরাগীদের কথা মাথায় রেখে কলেজ স্ট্রিটে পাঁচ নম্বর সূর্য সেন স্ট্রিটে যাত্রা শুরু করল এক্সেলার বুকস স্টোর ও ডিরোজিও আর্ট গ্যালারি। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এক মিলনমেলা হয়ে উঠেছিল এদিনের উদ্বোধনী অনুষ্ঠান। বুক স্টোরে রয়েছে নির্বাচিত ইংরেজি জাতীয় ও আন্তর্জাতিক বেস্টসেলার বই, ক্লাসিক এবং সমকালীন সাহিত্যের কিউরেটেড সংগ্রহ।

রয়েছে একটি ছোট ক্যাফেও। অভিনব এই বই বিপণীর উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সভাপতি, পত্রভারতীর কর্ণধার ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ড-এর সম্পাদক ও দেজ পাবলিষিং-এর কর্ণধার সুধাংশু শেখর দে। উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন এবং অন্যান্যরা। এদিন বেথুন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হয় এক্সেলার বুকসের বাংলা ওয়েব ম্যাগাজিন ‘চিন্তন’-এর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ, অধ্যাপিকা সংযুক্তা দাশগুপ্ত, অধ্যাপিকা চন্দ্রানী বিশ্বাস, লেখিকা অর্পিতা সরকার সহ আরও অনেক বিশিষ্ট জন । এদিন ডিরোজিও আর্ট গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়।