
সেপ্টেম্বর শুরু হতে না হতেই উৎসবের ঢাকে কাঠি পড়ে যাবে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ভারতীয় মাত্রেই তখন মন উচাটন। ছুটির নিমন্ত্রণ বাজবে প্রাণে। কলকাতা থেকে ক্যালগেরি, লন্ডন থেকে লিসবন, মেতে উঠবে দুর্গাপুজো থেকে দিওয়ালির পরিকল্পনায়। ঠিক সেই আনন্দ মরশুমের সূচনায় প্রবাসে আয়োজন করা হচ্ছে 'বিয়ন্ড বর্ডারস বিজনেস অ্যান্ড কালচারাল কনক্লেভ'। জাতি-ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে আনন্দ যজ্ঞে সামিল হওয়ার উদাত্ত আহ্বান। ১৩ আর ১৪ সেপ্টেম্বর, লন্ডনের মে ফেয়ার ভ্যেনুতে।
বছরভর অনুষ্ঠান তো কতই হয় দেশে বিদেশে। এর মধ্যে নতুনত্ব কী? নতুনত্ব এর ভাবনায়, এর আঙ্গিকে, এর বিন্যাসে। ভারত ও ইংল্যান্ডের বিশিষ্টজন সমন্বয়ে দুদিন ধরে হবে বিজনেস, এডুকেশন ও হেলথকেয়ার কনক্লেভ। দু'দেশের উদ্যোগপতি আর নামী সংস্থার শিল্প পরিচালকেরা বক্তব্য রাখবেন। সুযোগ থাকবে একান্ত বৈঠকের। বিজনেস কনক্লেভে উন্মোচিত হবে যৌথ উদ্যোগের নানা দিগন্ত। উচ্চশিক্ষায় ভারত যে কতখানি এগিয়ে গেছে, তা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরবে এডুকেশন কনক্লেভ। প্রবাসীদের অনেকেই ছেলেমেয়েদের শিক্ষার একটা পর্যায়ে তাদের রাখতে চান শিকড়ের কাছাকাছি। তাঁদের সামনে দেশের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ছাড়াও তৈরি হবে আন্তঃ কলেজ ছাত্র বিনিময় কর্মসূচির সম্ভাবনা। মেডিক্যাল ট্যুরিজম এখন সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। হেলথকেয়ার কনক্লেভে বিশিষ্ট চিকিৎসকেরা জানাবেন ভারতে উন্নত অথচ তুলনামূলকভাবে কম খরচে চিকিৎসার সুযোগ। যেসব প্রবাসী ভারতীয়দের বাবা-মা-স্বজন রয়েছেন দেশে, তাঁরা জানতে পারবেন কোন শহরে কী সুবিধা রয়েছে প্রবীণ নাগরিকদের সেবার।
এর পাশাপাশি থাকছে সাহিত্যসভা যেখানে জনপ্রিয় প্রবাসী ভারতীয় লেখকেরা মুখোমুখি হবেন পাঠকদের। ভাগ করে নেবেন তাঁদের ভাবনা, জবাব দেবেন কৌতূহলী প্রশ্নের। শনি,রবি দুই সন্ধেতেই থাকবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিকে বলিউডের গ্ল্যামার আর অন্যদিকে বাংলা,তামিল, অসমিয়া মিলেমিশে নাচে,গানে,কথায় আঁকা হবে বৈচিত্র্যময় ভারতের বর্ণিল ক্যানভাস। থাকবে ঝলমলে ফ্যাশন শো। আর যা না হলে যেকোনো মিলনমেলা অসম্পূর্ণ, সেই ভুরিভোজের ব্যবস্থাও থাকছে। কে না জানে, সুখাদ্যের কোনো দেশ- কাল- জাত হয় না। ঠিক যেমন হয় না উৎসবের। এটাই 'বিয়ন্ড বর্ডারস'-এর মূল থিম, জানিয়েছেন উদ্যোক্তা সংস্থা লুক ইস্ট মিডিয়ার কর্ণধার আশিস পন্ডিত। অধীর আগ্রহে অপেক্ষা করছে লন্ডন, কাম সেপ্টেম্বর।
অনাবাসী ভারতীয়দের জন্য এই অন্যরকম কার্নিভাল নিবেদন করছে স্র্যাম অ্যান্ড ম্র্যাম গ্রুপ, সহযোগিতায় লন্ডন ডি অ্যাকাডেমি ও ফাইভ স্টার গ্রুপ।