
কথায় বলে, 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ'। মানুষের বেলায় না হয় বেছে নেওয়ার অবকাশ থাকে। কিন্তু দেশের বেলায় তা নেই। ভৌগোলিক কারণে নির্ধারিত হয় তার প্রতিবেশী। আর সেই প্রতিবেশীদের অধিকাংশই যখন হয় গণ্ডগোলের, তখন তার আঁচ তো গায়ে লাগবেই। যেমন ভারত। পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ --- একদিকে এইসব দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অশান্ত, অন্যদিকে নানা সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি। এম জে আকবর তাঁর একটি নিবন্ধে এইসব প্রতিবেশীদের বলেছিলেন 'জেলি স্টেট' অর্থাৎ অস্থিতিশীল রাষ্ট্র। এদের পিছনে অবশ্য উস্কানি দেওয়ার জন্য সবসময় রয়েছে এক বা একাধিক 'বড়ো দাদা'। এইসব তথ্য উঠে এল রিসার্চ সেন্টার ফর ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিওনাল স্টাডিজ আয়োজিত ‘বার্ষিক ডায়ালগ’-এ, সহযোগিতায় শতবর্ষে পা দেওয়া ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনাসভা কতখানি গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। 'গ্লোবাল অ্যান্ড রিজিওনাল জিও পলিটিক্স, সিকিউরিটি অ্যান্ড ইকনমিক্স' শীর্ষক এই আলোচনায় বক্তাদের তালিকা দেখলেই বোঝা যায়, কী প্রাসঙ্গিক হতে পারে তাঁদের বক্তব্য। ভূমিকায় সঠিক সুরটা বেঁধে দিলেন সাংসদ মনীশ তিওয়ারি। প্রথম অধিবেশনে যাঁরা বক্তব্য রাখলেন তাঁরা বেশির ভাগই প্রাক্তন কর্মক্ষেত্র সূত্রে বিদেশ ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ । ছিলেন পদ্মভূষণ সাংসদ ও সুবক্তা স্বপন দাশগুপ্ত। অসাধারণ সঞ্চালনা করেছেন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা (অব)। দ্বিতীয় অধিবেশনে প্রাক্তন রাষ্ট্রদূত যেমন ছিলেন, তেমন ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও বিশিষ্ট অধ্যাপক। সঞ্চালক লেঃ জেনারেল জে আর মুখার্জি (অব) পহেলগাম কাণ্ডের পরিপ্রেক্ষিতে স্পষ্ট ভাষায় সমালোচনা করলেন পাকিস্তান, আমেরিকা ও চীনের ভূমিকার। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। তৃতীয় অধিবেশন ছিল বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত। সঞ্চালক আই সি সি-র ডিরেক্টর জেনারেল ডঃ রাজীব সিং।
সমাপ্তি ভাষণে ভাবনার রসদ রেখে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন। স্বভাবসিদ্ধ সরস ভঙ্গিতে নিজেই জানালেন, বয়স হয়েছে ৯১। কিন্তু বয়স যে তাঁর চিন্তা ও মননকে এতটুকু ছুঁতে পারেনি, প্রমাণ হল আরও একবার। আজকের প্রেক্ষাপটে কোথায় দাঁড়িয়ে আছে ভারত, আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক কতখানি সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে তাকে, বিশ্লেষণ করে দেখালেন সবটাই।