দিনটা ছিল ৭ মে, ২০২৫। অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ উত্তাল। পহেলগাঁও-এ পাক জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হওযা ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর বদলা হিসেবে ভারতের এই অপারেশন সিঁদুর। ন টি পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনার বিজয় উল্লা্সের দিন সেটি। দেশ জুড়ে সামরিক মহড়ারও দিন। সাইরেন বেজে ওঠার আগেই ভারতীয় ক্রিকেটের সাইরেন বেজে উঠল। সোশ্যাল মিডিয়ায় আপাত নির্বিষ একটি পোস্ট --টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিলাম। ভারতের হয়ে আর কোনো টেস্ট ম্যাচে আমাকে দেখা যাবে না। আজ থেকেই আমার অবসর কার্যকর হবে। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে যিনি এই কথা জানাচ্ছেন তাঁর নাম রোহিত শর্মা।ভারতের হয়ে তিনি ৬৭ টি টেস্ট খেলেছেন, ৪৩০১ রান করেছেন। বারোটি টেস্ট সেঞ্চুরি আছে তাঁর। গড় ৪০. ৫৭। রোহিত শর্মার টেস্ট থেকে বিদায়টি আর একটু সম্মানজনক হতে পারত না কি? দুহাজার বাইশ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে বিরাট কোহলি তাঁর সন্তান সম্ভবা স্ত্রী অনুষ্কার পাশে থাকার জন্যে চলে যাওয়ার পর রোহিত শর্মা নেতৃত্বের গুরুদায়িত্ব নিজের কাঁধে নেন। তারপর থেকে তিনবছর ধরে তিনি ভারত অধিনায়ক। রোহিত শর্মার সোশ্যাল মিডিয়ার বিবৃতি তাঁর স্ত্রী রিতিকা সাজদার চোখে নাকি জল এনে দিয়েছিল। রিতিকা জানেন না কিংবা হয়তো জানেন --রোহিতের এই আনস্ক্রুপুলাস বিদায় বহু ভারতীয়র চোখে জল এনে দিয়েছিল। রোহিত শর্মা কি ভারতীয় বোর্ডের কাছ থেকে আর একটু সম্মান দাবি করতেন না? বোর্ড পরমুহূর্তেই অবশ্য রোহিতকে তাঁর অবদানের জন্যে ধন্যবাদ জানাতে ভোলেনি। ঘোষণা করেছে যে ভারতীয় ও ডি আই দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। শুনতে কথাটা বেশ ভালো। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে ক্রিকেট বোর্ড রোহিত শর্মাকে বুঝি বিরাট সম্মান দিল। কিন্তু ২০২৭ সালে ভারত যখন ও ডি আই বিশ্ব কাপ খেলবে রোহিতের বয়স তখন হবে ৪০। এই বয়সে ভারতীয় দলকে নেতৃত্বে দেওয়ার শারীরিক সক্ষমতা বা রিফ্লেক্স রোহিতের কি থাকবে? তাই, রোহিতের এই টেস্ট থেকে বিদায় লগ্নটি কি আর একটু সেরিমনিয়াল করা যেত না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র সেহবাগ সমেত একাধিক প্রাক্তন ক্রিকেটার।

কিন্তু প্রশ্ন হচ্ছে রোহিত কেন এত তড়িঘড়ি টেস্ট ক্রিকেট থেকে নিজের বিদায়ের কথা ঘোষণা করলেন? জানা যাচ্ছে যে ভারতীয় নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকর রোহিতকে জানিয়েছিলেন যে তাঁকে আর আসন্ন ইংল্যান্ড সফরে অধিনায়ক পদে রাখা যাচ্ছে না। এমনকি আগারকর নাকি এমন কথাও জানিয়েছিলেন যে একজন সাধারণ খেলোয়াড় হিসেবেও ইংল্যান্ড সফরের জন্যে তাঁকে মনোনায়নের কথা নাকি নির্বাচকরা ভাবছেন না। তিনি যেন ইংল্যান্ডের দল ঘোষণার আগেই টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেন। আই পি এলে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যবহার করায় ভারতীয় নির্বাচকদের কাজটি আর একটু সহজ হয়ে যায়। রোহিত শর্মার স্থূলতা যে তাঁর ফিল্ডিং-এর অন্তরায় তা ফের প্রমাণ হয়ে যায়। এই ফিজিকাল ফিটনেসের অভাবই রোহিত শর্মাকে টেস্ট দল থেকে সরাল। আই পি এল চলাকালীনই অজিত আগারকরের সঙ্গে রোহিতের শেষ দফার কথা হয়। এবং আগারকর তাঁকে দ্রুত টেস্ট থেকে অবসর নেওয়ার কথা বলেন। এরপরই রোহিত শর্মার তড়িঘড়ি ওই পোস্ট।
প্রশ্ন হচ্ছে রোহিত শর্মার জায়গায় কে হবেন ইংল্যান্ড সফরে ভারত অধিনায়ক। এই বিষয়ে শুভমন গিল ও শ্রেয়স আয়ারের নাম শুনতে পাওয়া যাচ্ছে। শুভমনের দিকে পাল্লা ভারি কারণ তাঁর সামনে অনেকদিনের ক্রিকেট পড়ে আছে। তাছাড়াও তরুণ খেলোয়াড় সমৃদ্ধ ভারতীয় দলে তিনি অধিনায়ক হলে জেনারেশন গ্যাপ কথাটি উঠবে না। ক্রিকেট মস্তিষ্কের দিক থেকে ভাবলে অবশ্য শ্রেয়স আয়ারই প্রথম পছন্দ হতে পারেন। রোহিত এখন ইতিহাস। সময়ই বলবে রোহিতের ছেড়ে যাওয়া জুতোয় কে পা গলাবে !